ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বরিশালে টানা তিন দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন কৃষকরা। অসময়ের এ বৃষ্টিতে আমন ধান, শীতকালীন শাক-সবজি ও রবি ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। দমকা হাওয়ায় আধাপাকা ধান নুয়ে পড়েছে। জমিতে পানি জমে ক্ষতিগ্রস্ত হচ্ছে শীতকালীন শাক-সবজি ও খেসারি ডাল। এদিকে টানা বৃষ্টিতে জনজীবনেও স্থবিরতা নেমে এসেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মাজহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। লঘুচাপটি দুর্বল হয়ে পড়ায় শনিবার বিকেল থেকে বৃষ্টিপাত কমতে পারে। রবিবার থেকে আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের ছয় জেলা—বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা ও ভোলায় এবার ৭ লাখ ৪৮৪ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এর মধ্যে মাত্র ২৪ হাজার ২২২ হেক্টর জমির ধান কাটা হয়েছে। অধিকাংশ জমির ধান এখনো ফুল ও দুধ পর্যায়ে রয়েছে। ফলে অসময়ের বৃষ্টিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে এ অঞ্চলের প্রধান খাদ্যশস্য আমন।
টানা বৃষ্টিতে নিচু জমিতে পানি জমতে শুরু করেছে। দমকা হাওয়ায় অনেক জমির আধাপাকা ধান নুয়ে পড়েছে। এতে ধানে চিটা ধরে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা। দ্রুত পানি না নামলে এবং আবহাওয়া অনুকূলে না থাকলে ক্ষতির পরিমাণ বাড়তে পারে।
শুধু আমন নয়, শীতকালীন সবজি ও রবি ফসলের আবাদ নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, বিভাগে এবার ৫৫ হাজার ৩৫০ হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজি আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে আবাদ হয়েছে ১৩ হাজার ৩৩৩ হেক্টরে। ডালজাতীয় ফসলের মধ্যে ৫৩ হাজার ৮২০ হেক্টর জমিতে খেসারি আবাদের লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে ১৭ হাজার ৮১৬ হেক্টরে। মসুর ডালের লক্ষ্যমাত্রা ১ হাজার ৩২৭ হেক্টর হলেও আবাদ হয়েছে মাত্র ৭৭ হেক্টরে। এ ছাড়া ৫৩৯ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।
বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মাৎ মরিয়ম জানান, বৃষ্টিতে কৃষির ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। রবিবার নাগাদ বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
তিনি বলেন, কিছু স্থানীয় জাতের আমন ধান নুয়ে পড়েছে। তবে জমিতে পানি না জমলে ক্ষতির পরিমাণ বেশি হবে না। শীতকালীন সবজির মধ্যে লালশাক ও পালংশাক এবং রবি ফসলের মধ্যে খেসারি ও সরিষা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ খুব বেশি নয়।
এদিকে টানা বৃষ্টিতে বরিশাল মহানগরীসহ জেলার শহর-বন্দর ও গ্রামীণ জনপদে মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে ক্রেতার উপস্থিতি কমে গেছে। বৃষ্টির কারণে কর্মহীন হয়ে পড়েছেন অনেক নিম্ন আয়ের মানুষ।