বসন্ত ও গ্রীষ্মে গোলাপগাছের যত্নে ব্যস্ত থাকলেও শীত আসার আগে অনেকেই পরিচর্যায় অবহেলা করেন। অথচ এ সময় সঠিক যত্ন না নিলে ঠান্ডায় আপনার শখের গাছের ডালপালা ও শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে হাইব্রিড টি, গ্র্যান্ডিফ্লোরা ও ফ্লোরিবান্ডা জাতের গোলাপের জন্য বাড়তি সতর্কতা প্রয়োজন।
তাই শীত আসার আগেই জেনে নিন, শরৎকালে গোলাপ গাছের যত্নে কী করবেন আর কী এড়িয়ে চলবেন।
গাছের চারপাশ পরিষ্কার রাখুন
পোকামাকড় ও রোগের আক্রমণ ঠেকাতে শরৎকালে গোলাপ গাছের চারপাশ পরিষ্কার রাখুন। কিছু রোগজীবাণু শীতেও মাটিতে বেঁচে থাকতে পারে। তাই ঝরে পড়া পাতা ও ডালপালা সরিয়ে ফেলুন। সেগুলোতে রোগের লক্ষণ থাকলে ময়লার সঙ্গে ফেলে দিন।
গাছের গোড়ায় মালচ দিন
গোলাপ গাছ পুরোপুরি সুপ্ত হলে, সাধারণত প্রথম তীব্র শৈত্যপ্রবাহের পর, গোড়ায় মালচ দিতে হবে। দেশীয় ও ঝোপজাতীয় গোলাপের গোড়ায় ৪-৮ ইঞ্চি পুরু মালচের স্তর যথেষ্ট। তবে হাইব্রিড টি, গ্র্যান্ডিফ্লোরা ও ফ্লোরিবান্ডা জাতের গোলাপের ক্ষেত্রে ঠান্ডার ক্ষতি এড়াতে জোড়কলমের স্থানটি পুরোপুরি ঢেকে দিতে হবে।
ধীরে ধীরে পানি দেওয়া কমান
শরৎকালে গোলাপ গাছ সুপ্ত হওয়ার দিকে এগোলে ধীরে ধীরে পানি দেওয়া কমিয়ে দিন। তবে বৃষ্টি কম হলে পরিমিত পানি দিন। মাটি অতিরিক্ত শুকিয়ে গেলে ঠান্ডায় গাছের ক্ষতি হওয়ার ঝুঁকি বাড়ে।
মুড়িয়ে দেওয়া ফুল নিয়মিত ছাঁটা বন্ধ করুন
গাছের শুকিয়ে যাওয়া ফুল বা ফুলের অবশিষ্ট অংশ ছেঁটে ফেললে নতুন কুঁড়ি তৈরি হতে উৎসাহিত হয়। কিন্তু শরৎকালে গাছের বৃদ্ধি ধীর করাই মূল লক্ষ্য। তাই এ সময় থেকে শুকিয়ে যাওয়া ফুল ছাঁটা বন্ধ করুন।
সার দেওয়া বন্ধ করুন
প্রথম তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাব্য সময়ের ছয় থেকে আট সপ্তাহ আগে গোলাপ গাছে সার দেওয়া বন্ধ করুন। মৌসুমের শেষ দিকে সার দিলে গাছে নতুন, নরম ডালপালা গজাতে পারে। ঠান্ডায় এসব ডালপালা সহজেই ক্ষতিগ্রস্ত হয়।
শরৎকালে বেশি ছাঁটাই করবেন না
শীতপ্রধান অঞ্চলে শরৎকালে গোলাপ গাছ বেশি ছাঁটাই করা উচিত নয়। এতে ডালপালায় ক্ষত তৈরি হয়ে তীব্র ঠান্ডায় গাছের ক্ষতি হতে পারে। তবে গাছের গোড়ায় মাটি দিয়ে ঢিবি তৈরির জন্য কিছু ডাল ছোট করা যায়। শীত মৃদু এমন অঞ্চলে শরৎকালে গোলাপ গাছ ছাঁটাই নিয়ে তেমন উদ্বেগ নেই।
শীতের জন্য গোলাপ গাছ প্রস্তুত করবেন যেভাবে
শীতকালে গোলাপ গাছের বাড়তি যত্ন নির্ভর করে এলাকার আবহাওয়া ও জাতের ওপর। শীতপ্রধান অঞ্চলে হাইব্রিড টি, গ্র্যান্ডিফ্লোরা ও ফ্লোরিবান্ডা জাতের গোলাপের বিশেষ সুরক্ষা প্রয়োজন।
শীতের বাতাসে ডালপালা বেশি দুললে শিকড় মাটি থেকে আলগা হয়ে যেতে পারে। এ ঝুঁকি কমাতে গাছ পুরোপুরি সুপ্ত হওয়ার পর ডালপালা মাটি থেকে ২-৩ ফুট উচ্চতায় ছেঁটে দিন। ঠান্ডা থেকে গোলাপ গাছ রক্ষা করতে নিচের পদ্ধতিগুলোর যেকোনো একটি অনুসরণ করতে পারেন।
গোড়ায় মাটির ঢিবি তৈরি করুন
গাছের গোড়া ও মূল কাণ্ডের সংযোগস্থল ঘিরে প্রায় ১২ ইঞ্চি উঁচু করে মাটি দিন। এর ওপর মালচ বা ঝরে পড়া পাতা বিছিয়ে দিন।
কাপড় দিয়ে ঢেকে রাখুন
বাতাস চলাচল করতে পারে এমন কাপড় বা চট দিয়ে গোলাপ গাছ মুড়িয়ে রাখুন। এ কাজে গোলাপ গাছের জন্য তৈরি বিশেষ ঢাকনাও ব্যবহার করতে পারেন।
অতিরিক্ত ঠান্ডায় বিশেষ পদ্ধতি ব্যবহার করুন
শীতপ্রধান অঞ্চলে গোলাপগাছ রক্ষায় ‘মিনেসোটা টিপ পদ্ধতি’ ব্যবহার করা যায়। এ পদ্ধতিতে ডালগুলো একসঙ্গে বেঁধে সাবধানে বাঁকিয়ে মাটির অগভীর নালায় শুইয়ে মাটি দিয়ে ঢেকে দিতে হয়। মাটি জমে গেলে ওপর থেকে খড় বিছিয়ে বাড়তি সুরক্ষা দেওয়া যায়। বসন্তে আবহাওয়া উষ্ণ হলে ডালগুলো নালা থেকে তুলে আনতে হবে।
সূত্র: দ্য স্প্রুস
রাহুল/এসএকেওয়াই