বাংলাদেশের কৃষি আজ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে জলবায়ু পরিবর্তন, অনিয়মিত বৃষ্টিপাত, তাপমাত্রার ওঠানামা, নতুন নতুন রোগ-পোকামাকড় ও উৎপাদন ব্যয় বৃদ্ধি; অন্যদিকে কৃষকের তথ্যের ঘাটতি, বাজারনির্ভরতা এবং কৃষি উপকরণ ব্যবহারে বৈজ্ঞানিক সিদ্ধান্তের অভাব, সব মিলিয়ে কৃষি ক্রমেই একটি জটিল ব্যবস্থায় পরিণত হচ্ছে। এই বাস্তবতায় চতুর্থ শিল্প বিপ্লব কৃষির সামনে একটি নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস, বিগ ডেটা, ক্লাউড কম্পিউটিং, স্যাটেলাইট টেকনোলজি, ড্রোন ও ডিজিটাল প্লাটফর্ম—এসব প্রযুক্তিকে কৃষকের হাতের নাগালে নিয়ে আসতে পারলে কৃষি শুধু উৎপাদননির্ভর থাকবে না; হয়ে উঠবে তথ্যনির্ভর, ঝুঁকিসচেতন, নির্ভুল ও টেকসই কৃষি।
কীটনাশক নির্ভরতা: কৃষির নীরব সংকট
বাংলাদেশের কৃষিতে রোগ ও পোকামাকড় দমনে কীটনাশকের ব্যবহার গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্যা তৈরি হয় যখন রোগ বা পোকার সঠিক পরিচয়, আক্রমণের মাত্রা এবং অর্থনৈতিক ক্ষতির সীমা না বুঝেই কীটনাশক প্রয়োগ করা হয়। অনেক কৃষক বাস্তবে রোগ-পোকা শনাক্তকরণে পর্যাপ্ত তথ্য না পেয়ে স্থানীয় পরামর্শ, প্রতিবেশী কৃষকের অভিজ্ঞতা অথবা কখনো কখনো কৃষি-উপকরণ বিক্রেতার পরামর্শের ওপর নির্ভর করেন। ফলে একই সমস্যার জন্য একাধিক পণ্য ব্যবহার, প্রয়োজনের চেয়ে বেশি মাত্রায় প্রয়োগ কিংবা ভুল সময়ে স্প্রে করার ঝুঁকি তৈরি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, কীটনাশক মানুষের জন্য সম্ভাব্যভাবে বিষাক্ত এবং কৃষক ও কীটনাশক প্রয়োগকারীরা সরাসরি সংস্পর্শের কারণে তুলনামূলক বেশি ঝুঁকিতে থাকেন। কীটনাশকের অনিরাপদ ব্যবহার তীব্র বিষক্রিয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকির সঙ্গেও সম্পর্কিত হতে পারে। অতএব, সমাধান কীটনাশক পুরোপুরি বাদ দেওয়া নয়; বরং প্রয়োজনের আগে রোগ শনাক্ত করা, প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং রাসায়নিক ব্যবহারের ওপর নির্ভরতা কমানো। ডব্লিউএইচও-ও প্রয়োজন হলে রাসায়নিক ব্যবহারের পাশাপাশি অরাসায়নিক ব্যবস্থাপনা এবং নিরাপদ প্রয়োগের ওপর গুরুত্ব দিয়েছে।
এআই যখন কৃষকের ‘ডিজিটাল সহকারী’
এই জায়গাতেই চতুর্থ শিল্প বিপ্লবের এআই কৃষি প্রযুক্তির গুরুত্ব। ২০২০ সাল থেকে কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ডা. চাষী ব্যবহারের মাধ্যমে প্রায় এক লাখ কৃষকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি করেছে। লক্ষ্য হলো, কৃষকের কাছে এমন একটি ডিজিটাল সহায়ক ব্যবস্থা পৌঁছে দেওয়া, যেখানে মাঠের সমস্যার প্রাথমিক তথ্য কৃষক নিজেই সংগ্রহ করতে পারবেন এবং প্রযুক্তির সহায়তায় সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়াতে পারবেন। কৃষক ফসলের আক্রান্ত অংশের ছবি তুলে এআই-ভিত্তিক সিস্টেমে বিশ্লেষণের জন্য পাঠাতে পারেন। রোগ বা পোকামাকড়ের সম্ভাব্য পরিচয় সম্পর্কে তথ্য পাওয়ার পাশাপাশি করণীয় সম্পর্কে নির্দেশনা পাওয়া সম্ভব। এর ফলে ‘আগে ওষুধ, পরে রোগ’—এই প্রচলিত মানসিকতার পরিবর্তে প্রতিষ্ঠিত হতে পারে ‘আগে শনাক্তকরণ, পরে ব্যবস্থাপনা’ পদ্ধতি। এটি কৃষির জন্য একটি মৌলিক পরিবর্তন। কারণ একজন কৃষক যদি জানতে পারেন তার ফসলে আসলে কী সমস্যা হয়েছে, সমস্যাটি কতটা গুরুতর এবং কী ধরনের ব্যবস্থাপনা প্রয়োজন, তাহলে অপ্রয়োজনীয়ভাবে একাধিক কীটনাশক কেনার প্রবণতা কমানো সম্ভব। একই সঙ্গে সঠিক রোগ-পোকা ব্যবস্থাপনা কৃষকের অর্থ, সময় ও শ্রম সাশ্রয় করতে পারে। তবে এখানে একটি বৈজ্ঞানিক সতর্কতা জরুরি, এআই-এর পরামর্শকে অন্ধভাবে অনুসরণ নয়; প্রয়োজন হলে স্থানীয় কৃষিবিদ, রোগতত্ত্ব বিশেষজ্ঞ এবং অনুমোদিত বালাইনাশক ব্যবহারের নির্দেশনার সঙ্গে যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে। এআই হবে ডিসিশন-সাপোর্ট টুল, মানুষের বিকল্প নয়।
আবহাওয়ার পূর্বাভাস থেকে আগাম কৃষি সিদ্ধান্ত
এআই-ভিত্তিক কৃষি প্রযুক্তি ডা. চাষী কৃষিতে আরেকটি লোকেশনভিত্তিক আবহাওয়া তথ্য। আজকের কৃষক শুধু ‘আজ বৃষ্টি হবে কি না’ জানতে চান না। তিনি জানতে চান, আগামী কয়েক দিনে বৃষ্টি, তাপমাত্রা, আর্দ্রতা বা ঝড়ের সম্ভাবনা কী; কখন সেচ দেবেন; কখন কীটনাশক প্রয়োগ করা নিরাপদ; কখন ফসল কাটবেন; কখন বীজ বপন করলে ঝুঁকি কম হবে। ডিজিটাল কৃষি প্ল্যাটফর্মে আবহাওয়ার তথ্য যুক্ত হলে কৃষক প্রতিক্রিয়াশীল কৃষি থেকে পূর্বাভাসভিত্তিক কৃষিতে যেতে পারেন। অর্থাৎ ঝড় হওয়ার পরে ক্ষতি মোকাবিলা নয়, ঝড়ের পূর্বাভাস পেয়ে আগে থেকেই ফসল রক্ষার ব্যবস্থা। অতিবৃষ্টির আগে পানি নিষ্কাশনের প্রস্তুতি। তাপপ্রবাহের আগে সেচ ব্যবস্থাপনা। বৃষ্টির সম্ভাবনা থাকলে অপ্রয়োজনীয় স্প্রে এড়িয়ে যাওয়া। এটাই জলবায়ু-সহনশীল কৃষির অন্যতম ভিত্তি।
মাটি পরীক্ষা ছাড়া সার নয়
কৃষির আরেকটি বড় সমস্যা হলো মাটির প্রকৃত অবস্থা না জেনেই বছরের পর বছর একই ধরনের সার প্রয়োগ করা। কৃষক মনে করেন বেশি সার মানেই বেশি ফলন। কিন্তু উদ্ভিদের প্রয়োজন, মাটির পুষ্টি-অবস্থা এবং ফসলের চাহিদা বিবেচনা না করে সার প্রয়োগ করলে অর্থনৈতিক অপচয়ের পাশাপাশি মাটির ভারসাম্যও ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জায়গায় আইওটি-ভিত্তিক সয়েল সেন্সর কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করছে। জিনিয়াস ফার্মস লিমিটেড মাটি বিশ্লেষণের জন্য সম্পূর্ণ বাংলাদেশি ডাটায় তৈরি আইওটি সয়েল সেন্সর ব্যবহার করে বিভিন্ন পর্যায়ে মাটির এনপিকে পরীক্ষা এবং ফসলভিত্তিক সার সুপারিশে কাজ করছে। মাটির পুষ্টি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য সংগ্রহ করে সেই তথ্যকে কৃষকের সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার করা গেলে ‘অনুমাননির্ভর সার প্রয়োগ’ থেকে ‘তথ্যনির্ভর সার ব্যবস্থাপনা’তে যাওয়া সম্ভব। এর ফলে কৃষকের অপ্রয়োজনীয় সার ব্যয় কমতে পারে, উৎপাদন ব্যবস্থাপনা আরও নির্ভুল হতে পারে এবং দীর্ঘমেয়াদে মাটির স্বাস্থ্য সংরক্ষণে সহায়তা করতে পারে।
কৃষি শুধু উৎপাদন নয়, ডিজিটাল ইকোসিস্টেম
ডা. চাষীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি শুধু রোগ শনাক্তকরণ প্রযুক্তি হিসেবে সীমাবদ্ধ নয়। একটি সমন্বিত ডিজিটাল কৃষি প্ল্যাটফর্ম হিসেবে কৃষকের সমস্যা শনাক্তকরণ, কৃষি পরামর্শ, আবহাওয়া তথ্য, কৃষি উপকরণ সংগ্রহ এবং প্রশিক্ষণ, এসবকে একই ডিজিটাল পরিবেশে আনার সুযোগ তৈরি করছে। কৃষক মাঠের ফসলের পাশাপাশি ছাদ বাগানের সমস্যারও সমাধান খুঁজতে পারেন। প্রয়োজনীয় কৃষি উপকরণ চাহিদা অনুযায়ী অর্ডার করে ঘরে বসে সংগ্রহের সুযোগ পেতে পারেন। এখানে চতুর্থ শিল্প বিপ্লবের আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা কাজ করছে, ডিজিটাল সাপ্লাই চেইন। কৃষকের প্রয়োজন থেকে শুরু করে পণ্য নির্বাচন, অর্ডার, সরবরাহ এবং ব্যবহারের তথ্য যদি ডিজিটাল ব্যবস্থায় যুক্ত হয়, তাহলে কৃষি উপকরণ ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও দক্ষ হতে পারে। সেই কাজটিই করছে ডা. চাষী।
কৃষকের জ্ঞানকে ডিজিটাল শক্তিতে রূপান্তর
কৃষির ভবিষ্যৎ শুধু প্রযুক্তিতে নয়; প্রযুক্তি ব্যবহারের সক্ষম কৃষক তৈরিতে। এই কারণে অনলাইনভিত্তিক কৃষি প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যুবক-যুবতী কৃষকদের জন্য এআই, আইওটি, আধুনিক কৃষি ব্যবস্থাপনা, নিরাপদ বালাইনাশক ব্যবহার, মাটি ব্যবস্থাপনা ও জলবায়ু-স্মার্ট কৃষির ওপর প্রশিক্ষণ একটি নতুন ধরনের ডিজিটাল কৃষি জনশক্তি তৈরি করতে পারে। ফলে কৃষক আর শুধু প্রযুক্তির ভোক্তা থাকবেন না; তিনি হয়ে উঠবেন ডিজিটাল কৃষি ব্যবস্থার সক্রিয় অংশীদার। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আগামী দিনের কৃষিতে সবচেয়ে বড় সম্পদ শুধু জমি নয়; তথ্য, দক্ষতা ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। কৃষি রক্ষায় এআই, আইওটি ও ড্রোন, একটি সমন্বিত ভবিষ্যৎ।
চতুর্থ শিল্প বিপ্লবে কৃষির সবচেয়ে বড় শক্তি হলো বিভিন্ন প্রযুক্তিকে একসঙ্গে কাজ করানো। এআই রোগ শনাক্ত করবে। আইওটি মাটির তথ্য দেবে। আবহাওয়া এপিআই ঝুঁকির পূর্বাভাস দেবে। স্যাটেলাইট ও রিমোট সেনসিং জমির অবস্থা পর্যবেক্ষণে সহায়তা করবে। ড্রোন দ্রুত মাঠ পর্যবেক্ষণ ও নির্দিষ্ট প্রয়োজনে স্প্রে করতে পারে। আর ডিজিটাল প্লাটফর্ম কৃষককে এসব তথ্য ও সেবার সঙ্গে যুক্ত করবে। অর্থাৎ ভবিষ্যতের কৃষি হবে একটি কানেকটেড এগ্রিকালচার সিস্টেম। একজন কৃষকের জমির মাটি কেমন, ফসলে কী সমস্যা, আবহাওয়া কেমন হতে পারে, কী ব্যবস্থাপনা দরকার এবং প্রয়োজনীয় উপকরণ কোথা থেকে পাওয়া যাবে—এসব তথ্য যদি একই ডিজিটাল কাঠামোর মধ্যে আসে, তাহলে কৃষকের সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতায় মৌলিক পরিবর্তন ঘটবে।
ডা. চাষী একটি অ্যাপের চেয়েও বড় ধারণা। ডা. চাষীকে শুধু একটি এআই অ্যাপ হিসেবে দেখলে এর সম্ভাবনাকে ছোট করে দেখা হবে। এটি মূলত কৃষকের ডিজিটাল ডিসিশন সাপোর্ট ইকোসিস্টেম হওয়ার সম্ভাবনা রাখে। এর মাধ্যমে কৃষক অন্যের ওপর সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে নিজের সমস্যার প্রাথমিক তথ্য নিজেই সংগ্রহ করতে পারেন। এতে কৃষকের আত্মবিশ্বাস বাড়ে, তথ্যের ওপর নির্ভরতা বাড়ে এবং সিদ্ধান্ত গ্রহণ আরও বৈজ্ঞানিক হতে পারে। সবচেয়ে বড় কথা, প্রযুক্তি যদি কৃষকের ভাষায়, কৃষকের প্রয়োজন অনুযায়ী এবং কৃষকের হাতের মোবাইলে পৌঁছে যায়, তাহলে চতুর্থ শিল্প বিপ্লব আর শহরের প্রযুক্তি থাকে না, তা হয়ে ওঠে গ্রামের কৃষকের প্রযুক্তি।
কৃষিতে এআই ও আইওটি প্রযুক্তির উদ্ভাবন ও প্রয়োগের দীর্ঘ পথচলায় জিনিয়াস ফার্মস লিমিটেডের পাশে থেকে গুরুত্বপূর্ণ সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করেছে বার্ক, বারি, ডিএই, বিনা, বিআরআরআই, এসআরডিআই অ্যান্ড পিকেএসএফসহ দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং দেশি-বিদেশি এনজিও ও আইএনজিও। তাদের মূল্যবান পরামর্শ, প্রযুক্তিগত সহযোগিতা, গবেষণা-সহায়তা ও আন্তঃপ্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জিএফএলের কৃষি প্রযুক্তি উদ্ভাবনের এই যাত্রাকে আরও গতিশীল ও সমৃদ্ধ করেছে।
সামনে যে চ্যালেঞ্জ
তবে প্রযুক্তি চালু করলেই পরিবর্তন আসবে না। এআইয়ের নির্ভুলতা বাড়াতে স্থানীয় ফসল, রোগ, পোকা, অঞ্চল ও মৌসুমভিত্তিক বড় ডেটাসেট প্রয়োজন। নিয়মিত মাঠপর্যায়ের ভ্যালিডেশন, কৃষিবিদদের অংশগ্রহণ, স্থানীয় ভাষায় সহজ ইন্টারফেস, কৃষকের ডিজিটাল লিটারেসি এবং তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এআই যেন অপ্রয়োজনীয় কীটনাশক ব্যবহারের নতুন মাধ্যম না হয়ে যায়, সেটিও নিশ্চিত করতে হবে। প্রযুক্তির মূল দর্শন হতে হবে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, নিরাপদ খাদ্য, কৃষকের আয় বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষা। ডব্লিউএইচও-এফএও-ও কৃষিতে কীটনাশকের ওপর নির্ভরতা কমানো এবং যেখানে প্রয়োজন সেখানে নিরাপদ ও সঠিক ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়েছে।
বাংলাদেশের কৃষির সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন শুধু ‘কীভাবে বেশি উৎপাদন করব’, তা নয়। প্রশ্ন হলো, কীভাবে কম ঝুঁকিতে, কম অপচয়ে, কম ক্ষতিকর উপাদান ব্যবহার করে, মাটির স্বাস্থ্য রক্ষা করে এবং কৃষকের আয় বাড়িয়ে উৎপাদন করা যায়। এই প্রশ্নের উত্তর খুঁজতে ফোরআইআর-এর প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এআই-ভিত্তিক ডা. চাষী কৃষকের রোগ-পোকা শনাক্তকরণ ও কৃষি সিদ্ধান্তে সহায়তা করছে; আবহাওয়ার তথ্য কৃষককে আগাম প্রস্তুতির সুযোগ দিচ্ছে; আইওটি সয়েল সেন্সর মাটির তথ্যকে সার ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত করছে; অনলাইন প্রশিক্ষণ তৈরি করছে ডিজিটাল কৃষি দক্ষতা; আর ডিজিটাল কমার্স কৃষকের প্রয়োজনীয় উপকরণ সংগ্রহকে সহজ করছে। এই সমন্বিত প্রযুক্তি ব্যবস্থার লক্ষ্য যদি হয় ‘প্রয়োজনের আগে তথ্য, সমস্যার আগে শনাক্তকরণ, ব্যবহারের আগে বৈজ্ঞানিক সিদ্ধান্ত’, তাহলে বাংলাদেশের কৃষিতে এটি নিঃসন্দেহে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। একসময় কৃষকের সবচেয়ে বড় শক্তি ছিল তার অভিজ্ঞতা। এখন সেই অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হচ্ছে এআই-এর বিশ্লেষণ, আইওটি-এর তথ্য, আবহাওয়ার পূর্বাভাস এবং ডিজিটাল সংযোগ। এই সমন্বয়ই আগামী দিনের কৃষিকে বদলে দিতে পারে। কৃষকের হাতে স্মার্টফোন, জমিতে আইওটি, সিদ্ধান্তে এআই, আর প্রযুক্তির কেন্দ্রে কৃষক। এটাই চতুর্থ শিল্প বিপ্লবের কৃষি। ডা. চাষী যেন সত্যিই কৃষকের জন্য এক নতুন দিগন্ত।
সূত্র: জাগো নিউজ